গাজীপুরে যুবলীগের মিছিল থেকে পুলিশকে হুমকি, ‘আসবি না, মাইরা ফালামু’

ডেস্ক রিপোর্ট
  ২১ জুন ২০২৬, ২১:৪১


গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিক্ষোভ মিছিল করেছেন মহানগর যুবলীগের নেতাকর্মীরা।
রোববার সকাল সাড়ে ৬টার দিকে কার্যক্রম নিষিদ্ধ মহানগর যুবলীগের ব্যানারে নগরের বাসন এলাকায় কলম্বিয়া গার্মেন্টসের সামনে এ মিছিল করা হয়।
বিক্ষোভ মিছিলের কাছে পুলিশ দেখে হুমকি দেওয়ার একটি ভিডিও আজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে পুলিশ দেখে নেতাকর্মীদের বলতে শোনা যায়- ‘ওই, একটাও সামনে আসবি না। একটাও সামনে আসবি না। আসলে মাইরা ফালামু, মাইরা ফালামু। একটাও সামনে আসবি না।’
মহানগরের বাসন থানার ওসি হারুনুর রশিদ বলেন, আমরা ভিডিওটি দেখেছি। তবে এটি আজকের নাকি আগের কোনো ঘটনার তা যাচাই-বাছাই করা হচ্ছে।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মহানগরের বাসন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শাকিল এন্টারপ্রাইজ নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে থেকে ২০-৩০ জনের একটি দল ব্যানার নিয়ে মিছিল শুরু করে। ব্যানারে লেখা ছিল- ‘২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল হোক, সার্থক হোক’ এবং ‘বাংলাদেশ আওয়ামী লীগের ওপর আরোপিত অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।’ ব্যানারের নিচে ‘গাজীপুর মহানগর যুবলীগ’ লেখা ছিল।
মিছিলকারীরা স্লোগান দিতে দিতে গাছা এলাকার দিকে এগিয়ে যাচ্ছিলেন। এ সময় মহাসড়কের বিপরীত পাশ থেকে কয়েকজন পুলিশ সদস্য মিছিলের দিকে এগিয়ে এলে মিছিলকারীদের কয়েকজন তাদের লক্ষ্য করে বিভিন্ন ধরনের হুমকিমূলক বক্তব্য দিতে থাকেন।
গাজীপুর (জিএমপির) মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার জানান, রোববার সকালে মিছিলটি হয়েছে বলে তথ্য পেয়েছেন। পুলিশ ইতোমধ্যে বিষয়টি নিয়ে কাজ করছে বলে জানান তিনি।