
সিলেটের জকিগঞ্জ উপজেলার উত্তরকুল সীমান্ত এলাকা থেকে এক ভারতীয় কৃষককে উদ্ধার করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ওই কৃষকের নাম রঞ্জিত দাস (৬৫)। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উত্তরকুল সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে তাঁকে হস্তান্তর করা হয়।
এদিকে গত সোমবার ভোর থেকে ভারতীয় সীমানার ভেতরে যাওয়ার পর ডিপজল (২৬) নামের এক বাংলাদেশি যুবক ‘নিখোঁজ’ আছেন। তিনি জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের উত্তরকুল দিগালীগ্রাম এলাকার বাসিন্দা এবং আহমদ আলীর ছেলে।
ভারত সীমান্তে গিয়ে যুবক নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন বারঠাকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী। তিনি প্রথম আলোকে বলেন, সোমবার ভোরে ডিপজল ভারতীয় সীমান্তের অভ্যন্তরে চলে গেলে বিএসএফ গুলি ছোড়ে বলে স্থানীয় বাসিন্দারা দাবি করেন। এর পর থেকেই তিনি নিখোঁজ আছেন। তবে পরবর্তী সময়ে বিএসএফ গুলি ছোড়ার বিষয়টি অস্বীকার করেছে। চেয়ারম্যান আরও বলেন, এ ঘটনার পর গতকাল বেলা ১১টার দিকে ভারতের কিন্নখাল বিওপির ৩১ নম্বর গেটসংলগ্ন শূন্যরেখায় আসেন ভারতীয় নাগরিক রঞ্জিত দাস। এ সময় নিখোঁজ যুবকের ক্ষুব্ধ স্বজনেরা তাঁকে বাংলাদেশ সীমান্তে নিয়ে আসেন। পরে বিজিবি ও স্থানীয় লোকজনের সহযোগিতায় তাঁকে উদ্ধার করা হয়।
এদিকে স্থানীয় লোকজন জানান, ভারত সীমান্তে বিএসএফের গুলিতে ওই যুবক গুলিবিদ্ধ হতে পারেন। এ ঘটনায় যুবকের স্বজন ও স্থানীয় লোকজন ক্ষুব্ধ। ভারতীয় কৃষককে বাংলাদেশ সীমান্তে নিয়ে আসার ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে বিএসএফ বিজিবির সঙ্গে যোগাযোগ করে। পরে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) উদ্যোগ নিয়ে রঞ্জিত দাসকে উদ্ধার করে এবং পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের কাছে হস্তান্তর করে।
এ বিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি একটি বৈঠকে রয়েছেন। পরে এ বিষয়ে কথা বলবেন।