এনসিপি স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের ব্যাপক প্রস্তুতি নিচ্ছে

আসিফ মাহমুদ
ডেস্ক রিপোর্ট
  ০৬ জুন ২০২৬, ২২:৫৮

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেছেন, জাতীয় নাগরিক পার্টি আগামী স্থানীয় সরকার নির্বাচনের প্রত্যেকটি স্তরে অংশগ্রহণের ব্যাপক প্রস্তুতি নিচ্ছে।
শনিবার (৬ জুন) দুপুরে কুমিল্লায় এনসিপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 
আসিফ মাহমুদ বলেন, আগামী ডিসেম্বরের আগেই এ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন এ লক্ষ্যে নানা প্রস্তুতি গ্রহণ করছে। আমরা তৃণমূল পর্যায়ের সব নেতাকর্মীকে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়েছি। কুমিল্লা সিটি নির্বাচনে আমরা তরিকুল ইসলামকে এনসিপির প্রার্থী হিসেবে ঘোষণা করেছি। 
তিনি বলেন, আমরা মনে করেছিলাম নির্বাচিত সরকার আসলে সব সমস্যার সমাধান হবে, আইনশৃঙ্খলার উন্নয়ন হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, মবতন্ত্রের অবসান হবে। কিন্তু এখন আমরা দেখছি মব, খুন ও ধর্ষণ বেড়েছে। বিএনপি প্রশাসন পরিচালনায় ব্যর্থ হয়েছে। তারা কখনো সরকার এবং প্রশাসন পরিচালনায় সফল ছিল না।  
এনসিপির মুখপাত্র বলেন, কুমিল্লা থেকে কোটাবিরোধী এবং সরকারবিরোধী আন্দোলন জোরদার হয়েছে। কুমিল্লাকে এনসিপির ক্যান্টনমেন্ট বলা হয়। আগামী সিটি নির্বাচনে তরিকুল ইসলামকে কুমিল্লা সিটির মেয়র নির্বাচিত করে এর প্রমাণ রাখতে হবে।  
তিনি বলেন, সরকার জ্বালানি এবং বিদ্যুতের দাম বাড়িয়ে জনগণকে ভোগান্তিতে ফেলেছে। বিদ্যুতের দাম বৃদ্ধির ফলে প্রতিটি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। তাছাড়া জ্বালানি গ্যাসের দামও বেড়েছে। সাধারণ মানুষের আয়-রোজগার না বাড়লেও ব্যয় বাড়ছে। শেখ হাসিনার আমলে ১৭ বছরে গ্যাসের দাম যতটুকু বেড়েছে, বিএনপির আমলে তিন মাসে এর চেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। 
এ সময় আরও উপস্থিত ছিলেন, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সভাপতি তরিকুল ইসলাম, এনসিপির কুমিল্লা মহানগরের নেতা আবু রায়হান, রাশেদুল হাসান প্রমুখ।