আদালত প্রাঙ্গণে গুলি, দুই মামলায় ১৩ আসামি

ডেস্ক রিপোর্ট
  ২৬ মে ২০২৬, ০০:১০


কক্সবাজার জেলা আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় হওয়া দুই মামলায় ১৩ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় অস্ত্রসহ আটক জিয়াউল হক জিয়াকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য লিয়াকত আলী মেম্বারকে ঘিরে আট মাসের ব্যবধানে দ্বিতীয় দফা সশস্ত্র হামলার ঘটনায় জেলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সোমবার হত্যাচেষ্টার অভিযোগে ভুক্তভোগী লিয়াকত আলী বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় মামলা করেন। বিদেশি পিস্তল ও গুলি উদ্ধারের ঘটনায় অস্ত্র আইনে পৃথক মামলা করেন থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন। পুলিশ জানিয়েছে, দুই মামলায় মোট ১৩ জনকে আসামি করা হয়েছে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান বলেন, হামলার পেছনের কারণ এবং জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, গ্রেফতার জিয়ার কাছ থেকে বিদেশি পিস্তল, ৯ রাউন্ড তাজা গুলি এবং দুইটি ম্যাগাজিন জব্দ করা হয়।
ওসি আরও জানান, জিয়াকে দুই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে রোববার কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত ভবনের সামনে গুলির ঘটনা ঘটে। বিচারপ্রার্থী, আইনজীবী ও সাধারণ মানুষের উপস্থিতিতে অন্তত সাত রাউন্ড গুলির শব্দে মুহূর্তেই আদালত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।