পদ্মা সেতু দিয়ে দক্ষিণে ২১ জেলার মানুষের স্বস্তির ঈদযাত্রা

ডেস্ক রিপোর্ট
  ১৯ মার্চ ২০২৬, ১২:৪০

বৃষ্টিস্নাত স্নিগ্ধ সকালে দক্ষিণ অঞ্চলের দুয়ার পদ্মা সেতু হয়ে স্বস্তিতে বাড়ি ফিরছেন ২১ জেলার মানুষ। সেই সঙ্গে বা্ড়ছে সরকারের বিপুল পরিমাণ টোল আদায়।
বৃহস্পতিবার সরেজমিন দেখা যায়, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে এবং পদ্মা সেতুর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের টোলপ্লাজায় স্বাভাবিক সময়ের চেয়ে কিছুটা অতিরিক্ত যানবাহনের চাপ রয়েছে। তবে কর্তৃপক্ষের যথাযথ ব্যবস্থাপনায় খুব দ্রুত টোল প্রদান করে গন্তব্যে ছুটছে ঘরমুখো মানুষকে নিয়ে যানবাহনগুলো।
এক্সপ্রেসওয়েতে দূরপাল্লার গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত ছোট যানবাহনেরও আধিক্য রয়েছে। দুই চাকার ব্যক্তিগত বাহন মোটরসাইকেলে করেও অনেকে গন্তব্যে যাচ্ছেন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় পদ্মা সেতুর দুই প্রান্ত হয়ে ৪১ হাজার ৮শ ৮৫টি যান পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৪ কোটি ৫৪ লাখ ৫ হাজার ২শ ৫০ টাকা।
পদ্মা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাদ নিলয় জানান, দক্ষিণের নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে কাজ অব্যাহত রেখেছে সেতু কর্তৃপক্ষ। পদ্মা সেতুর টোল প্লাজায় বড় যানবাহনের জন্য সাতটি এবং মোটরসাইকেলের জন্য তিনটি আলাদা টোল কাউন্টার চালু থাকায় দ্রুত টোল আদায় সম্পন্ন হচ্ছে। ফলে টোল প্লাজায় যানবাহনের দীর্ঘ সারি ছাড়াই চালকরা সেতু পার হতে পারছেন।