
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্তির আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠি দিয়েছে আন্তর্জাতিক ৯টি মানবাধিকার সংগঠন। একই সঙ্গে বাহিনীটির পরিবর্তে মানবাধিকারসম্মত আইনশৃঙ্খলা কাঠামো গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।
সোমবার (১৬ মার্চ) হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ফর্টিফাই রাইটস, আর্টিকেল নাইনটিন, সিপিজে, সিভিকাসসহ মোট ৯টি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এ চিঠি পাঠায়। তাদের পক্ষ থেকে একই চিঠি আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকেও দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার নেতৃত্বাধীন বিএনপি সরকারের সামনে বর্তমানে নানা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ রয়েছে। তবে এই সময়টিকে মানবাধিকার সুরক্ষায় দীর্ঘমেয়াদি সংস্কারের একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো।
সংগঠনগুলো বলছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে জোরপূর্বক গুম, বিচারবহির্ভূত হত্যা এবং আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে নানা ধরনের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আন্তর্জাতিক মহলে ব্যাপকভাবে আলোচিত ছিল। তার পতনের পর এসব ঘটনার সংখ্যা কিছুটা কমলেও অন্তর্বর্তী সরকারের সময়েও রাজনৈতিক প্রতিপক্ষকে ইচ্ছামতো আটক, সাংবাদিকদের ওপর চাপ, ধর্মীয় সংখ্যালঘু ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের ওপর হামলার মতো ঘটনা পুরোপুরি বন্ধ হয়নি বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, বাংলাদেশে আশ্রয় নেওয়া ১০ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীর অধিকার সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। পাশাপাশি একটি শক্তিশালী, স্বাধীন ও কার্যকর জাতীয় মানবাধিকার কমিশন গঠনেরও আহ্বান জানানো হয়েছে।
মানবাধিকার সংগঠনগুলো মানবাধিকার সুরক্ষায় প্রয়োজনীয় নীতিগত পদক্ষেপ গ্রহণ, আইনগত সংস্কার এবং জবাবদিহিমূলক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার জন্য সরকারকে কয়েকটি নির্দিষ্ট সুপারিশও দিয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।