স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

রাষ্ট্রপতির ব্যাপারে মন্তব্য করতে চান না স্পিকার

ডেস্ক রিপোর্ট
  ১৩ মার্চ ২০২৬, ২২:৩২


বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ব্যাপারে কথা বলতে চান না নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তবে ক্রিকেটের মতো জাতীয় সংসদেও নিরপেক্ষ আম্পায়ারিং করতে চান।
শুক্রবার (১৩ মার্চ) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের শ্রদ্ধা জানানো শেষে এসব কথা জানান তিনি।  
মেজর হাফিজ বলেন, ‘রাষ্ট্রপতির ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না। তারা তাদের রাজনৈতিক দিক থেকে গতকাল কার্যক্রম চালিয়েছে। আশা করি জাতীয় সংসদে তারা শৃঙ্খলা বজায় রাখবেন।’  
স্পিকার বলেন, অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে একটি গণতান্ত্রিক সংসদ পেয়েছি। আশা করি আগামী দিনগুলোতে জনগণের স্বপ্ন বাস্তবায়ন করতে সক্ষম হব। একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সবাই ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা রাখব।
সংসদে রাষ্ট্রপতির ভাষণের সময় বিরোধী দলের ওয়াকআউট নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘সংসদে ওয়াকআউট একটি প্রচলিত রীতি। তবুও তারা মোটামুটি শৃঙ্খলাবদ্ধ ছিল। তবে সংসদের স্লোগান দেওয়া ঠিক না, এটা সংসদের রেওয়াজের বাইরে।
নিরপেক্ষ থাকার বিষয়ে স্পিকার বলেন, ‘সংসদে আমরা (স্পিকারে এবং ডেপুটি স্পিকার) নিরপেক্ষ থাকবো। ক্রিকেট খেলায় যেমন আম্পায়ার থাকে আমরাও সেরকম নিরপেক্ষ আম্পায়ারিং করব।’
গত বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টার দিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আহ্বানে সংসদের কার্যক্রম শুরু হয়। প্রথমে সংসদীয় নেতা তারেক রহমান তার বক্তব্যে সংসদ অধিবেশনে সভাপতিত্ব করার জন্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন। এতে পূর্ণ সমর্থন জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সরকারি দলের সংসদ সদস্যরা। বিরোধী দলীয়রাও তাকে সমর্থন জানান।
পরে ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে স্পিকার নির্বাচিত করা হয়। বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও চিফ হুইপ নুরুল ইসলাম স্পিকার হিসেবে ভোলা-৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দিনের নাম প্রস্তাব করেন। তার প্রস্তাবে সমর্থন দেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম।
পরে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্বকারী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন প্রস্তাবটি কণ্ঠভোটে দিলে তা ‘হ্যাঁ’ জয়যুক্ত হওয়ার মাধ্যমে হাফিজ উদ্দিন আহমেদ স্পিকার নির্বাচিত হন।