
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অভিযান এস-ড্রাইভের তৃতীয় দিনে ৪৫ ছিনতাইকারীসহ ৭০ জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে চাইনিজ কুড়াল, কিরিচ ও ৬ হাজার ৪৭৩ পিস ইয়াবা।
মঙ্গলবার দুপুর থেকে বুধবার দুপুর পর্যন্ত নগরীর ১৬টি অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।
বুধবার সিএমপির গণসংযোগ শাখা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।
উল্লেখ্য, রোববার রাত ১২টা থেকে নগরীকে ১০ ভাগে বিভক্ত করে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।
সিএমপির কর্মকর্তারা জানান, অপারেশন এস-ড্রাইভে বুধবার দুপুর ১২টা পর্যন্ত ৭০ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ছিনতাইকারী ৪৫ জন, চাঁদাবাজ ১ জন, মাদক ব্যবসায়ী ১১ জন, কিশোর গ্যাংয়ের সদস্য ১৩ জন। শুধু কোতোয়ালি থানা পুলিশ ১৫ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের আদালতে চালান দেওয়া হয়েছে সিএমপি জনসংযোগ শাখা নিশ্চিত করেছেন।
কর্মকর্তাদের মতে, একযোগে অভিযান পরিচালনার উদ্দেশ্য হলো কোনো একটি স্থানে হানা দিলে যাতে অন্য স্থানে থাকা অপরাধীরা পালিয়ে যেতে না পারে। সেই কারণে ওসি থেকে অতিরিক্ত কমিশনার পর্যন্ত সব পর্যায়ের কর্মকর্তা এ অভিযানে অংশ নিচ্ছেন বলে জানানো হয়েছে।