
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় গরু ঘাস খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার কাকাইলছেও ইউনিয়নের মাহতাবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষের পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার মাহতাবপুর গ্রামের মৃত আলী হায়দারের ছেলে দুলাল মিয়ার একটি গরু একই গ্রামের মৃত নজরুল মিয়ার ছেলে লিটন মিয়ার জমিতে গিয়ে ঘাস খায়। এ ঘটনায় গরুটি খুঁটিতে বেঁধে রাখাকে কেন্দ্র করে সন্ধ্যায় দুলাল মিয়া ও লিটন মিয়ার মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জেরে আজ দুপুরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ৩০ জন আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ প্রসঙ্গে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবর হোসেন বলেন, গরুকে খুঁটিতে বেঁধে রাখা নিয়ে বিরোধের জেরেই সংঘর্ষের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।