জামায়াত আমিরের সঙ্গে শ্রদ্ধা জানালেন এনসিপির নেতারা

শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান 

ডেস্ক রিপোর্ট
  ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০২

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শনিবার (২১ ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহরে রাত ১২টা ২২ মিনিটে  কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন  জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও এনসিপি নেতা  নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন। এছাড়া ১১ দলীয় জামায়াত জোটের শীর্ষ নেতারাও শ্রদ্ধা নিবেদনে অংশ নেন। 
জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের মাজার জিয়ারত করবেন বং তাদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করবেন। 
অপরদিকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে ফেরার পথে একদল যুবক ও জামায়াত কর্মীদের পাল্টা স্লোগানকে কেন্দ্র করে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

শহীদ মিনারে শ্রদ্ধা জানানো শেষে ডা. শফিকুর রহমান সাংবাদিকদের সঙ্গে কথা বলতে শুরু করলে একদল যুবক তাকে উদ্দেশ্য করে ‘রাজাকার, রাজাকার’, ‘একাত্তরের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘একাত্তরের রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়’-সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এর প্রতিক্রিয়ায় সেখানে উপস্থিত জামায়াতের নেতা-কর্মীরাও পাল্টা স্লোগান দিতে শুরু করেন। জামায়াত কর্মীরা ‘ভাষা সৈনিক গোলাম আযম, লও লও লও সালাম’ স্লোগান দিলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। 
পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা
উত্তেজনাকর পরিস্থিতির সময় পাশ দিয়ে যাচ্ছিলেন এনসিপি নতা নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেনসহ জোটের সংসদ সদস্যরা। হট্টগোল শুরু হলে এনসিপির নেতারা দ্রুত আমিরের গাড়ির কাছে ফিরে আসেন। এর মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত এগিয়ে আসেন এবং নিরাপত্তা নিশ্চিত করেন। পরে ডা. শফিকুর রহমান ও জোটের নেতারা শহীদ মিনার এলাকা ত্যাগ করেন।