নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ

১৭ ফেব্রুয়ারির মধ্যেই নতুন সরকারের শপথ

ডেস্ক রিপোর্ট
  ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:০০

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দ্রুতই নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। এটি কোনোভাবেই ১৬ বা ১৭ ফেব্রুয়ারির পর হবে না। শপথ কে পড়াবেন তা এখনও নির্ধারণ করা হয়নি। তা জানিয়ে দেওয়া হবে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
প্রেস সচিব বলেন, শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। প্রধান উপদেষ্টা ও মন্ত্রিসভার পক্ষ থেকে দ্রুত দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
নির্বাচনে একটি কেন্দ্রে ২০০ শতাংশ ভোট পড়েছে এমন সংবাদের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, এটি মিথ্যা সাংবাদিকতা। এটি মূলত মুদ্রাজনিত ভুল। যিনি এ ধরনের সংবাদ পরিবেশন করেছেন, তিনি রিটার্নিং কর্মকর্তার সঙ্গে কথা না বলেই করেছেন। পরবর্তী সময়ে তা সংশোধন করা হয়েছে।

নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ
নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। একইসঙ্গে গণভোটের গেজেটও প্রকাশ করা হয়েছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৭ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য এবং গণভোটের সরকারি ফলাফলের গেজেট প্রকাশ করা হয়। নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব আখতার আহমেদ এই গেজেটে সই করেছেন।
এতে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ (১৯৭২ সালের রাষ্ট্রপতির আদেশ নম্বর-১৫৫) এর অনুচ্ছেদ ৩৯ এর দফা (৪) অনুসারে নির্বাচনি এলাকাগুলো থেকে জাতীয় সদস্য হিসেবে নির্বাচিত প্রার্থীদের নাম, পিতা/স্বামীর নাম, মাতার নাম ও ঠিকানা প্রকাশ করা হলো।
বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণের পর বেসরকারি ফলাফল ঘোষণা করে ইসি। সারা দেশ থেকে আসা বিজয়ীদের চূড়ান্ত তালিকা ঘোষণা শুক্রবার দুপুরে শেষ হয়। ভোটের হার দাঁড়িয়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ।