তারেক রহমানকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি ও আসিফ আলি জারদারি

ডেস্ক রিপোর্ট
  ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৩


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দলটির নেতা তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শুক্রবার সকালে এক টুইট বার্তায় তিনি বলেন, এই বিজয় বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন এবং গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে ভারত পাশে থাকবে।
একই সঙ্গে দুই দেশের বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার ও অভিন্ন উন্নয়ন লক্ষ্যে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন প্রতিবেশী দেশটির প্রধানমন্ত্রী।
এর আগে যুক্তরাষ্ট্র ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি এবং তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।
পাশাপাশি বাংলাদেশে সফলভাবে নির্বাচন আয়োজনের জন্য দেশটির জনগণকে অভিনন্দন জানিয়েছে দেশটি।

তারেক রহমানকে পাকিস্তানের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর অভিনন্দন
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। শুভেচ্ছা বার্তা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রীও।
সামাজিক যোগাযোগের মাধ্যম এক্সে দেওয়া পোস্টে আসিফ আলি জারদারির পক্ষ থেকে লেখা হয়েছে, বিএনপির ভূমিধস বিজয়ে তারেক রহমান এবং শান্তিপূর্ণ নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট। পাকিস্তান গণতান্ত্রিক অংশীদারত্ব এবং ভবিষ্যতে যৌথ অগ্রগতির প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করছে।
অপরদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও এক্সে দেওয়া পোস্টে তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। শুক্রবার তিনি লিখেন, ‘সফলভাবে নির্বাচন সম্পন্ন করায় আমি বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানাই।’ পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও লিখেছেন, তিনি নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চান।
প্রায় দুই দশক পর বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে। দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দলটিকে এবারই প্রথম নির্বাচনী লড়াইয়ে নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান। একই সঙ্গে তিনি নিজেও প্রথমবারের মতো প্রার্থী হয়ে জয় লাভ করেছেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগেই জানিয়েছিলেন, বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে তারেক রহমানই হবেন প্রধানমন্ত্রী।