ভাতের হোটেল বন্ধ হয়ে যাবে

কর্নেল অলি
ডেস্ক রিপোর্ট
  ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:২২


লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম) বলেছেন, আমি বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম। দীর্ঘদিন বিএনপির সঙ্গে ছিলাম। তবে যখনই বুঝতে পারলাম বিএনপি বেশিদিন বাঁচবে না, তাদের চিকিৎসা দরকার, সেদিনই বিএনপি ত্যাগ করেছি। এখন বিএনপির দেশ চালানোর সামর্থ্য নেই।  বিএনপি এখন ক্ষমতায় গেলে চাঁদাবাজি, টেন্ডারবাজি, চট্টগ্রাম বন্দর দখল ও ব্যাংক লুট করবে। 
শনিবার (৭ ফেব্রুয়ারি) চট্টগ্রামের আনোয়ারায় ১১ দলীয় জোটের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
১১ দলীয় জোটের বিরুদ্ধে অপপ্রচারকারীদের বিষয়ে তিনি বলেন, অনেকেই বলে ১১ দলীয় জোট ক্ষমতায় গেলে নারীদের স্বাধীনতা হরণ করবে, বিভিন্ন ধর্মালম্বীদের তাদের ধর্ম পালনে বাধা দেবে।  তাদের উদ্দেশ্যে বলছি- কারো ব্যক্তিগত এবং ধর্মীয় স্বাধীনতায় আমরা হস্তক্ষেপ করব না। বরং তারাই অন্যের ধর্মে হস্তক্ষেপ করে, যারা নিজেদের ধর্ম ঠিকমত পালন করে না। 
অলি আহমদ বলেন, ১২ তারিখ পর্যন্ত যা করার করে ফেলেন- এদেশের জনগণ ব্যালট বিপ্লবের মাধ্যমে আপনাদের ভাতের হোটেল বন্ধ করে দেবে।
জনসভায় সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর শিক্ষা ও গবেষণা সম্পাদক মাওলানা ইসমাঈল হক্কানী ও যৌথ সঞ্চালনা করেন আনোয়ারা উপজেলা ও কর্ণফুলী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবুল হাসান খোকা ও নুরউদ্দীন জাহাঙ্গীর। 
বক্তব্য রাখেন- চট্টগ্রাম-১৩ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জুবায়েরুল আলম মানিক প্রমুখ। 
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরের জামায়াতে ইসলামীর আমির নজরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য অধ্যাপক জাফর সাদেক, নেজামে ইসলামীর চট্টগ্রাম মহানগরের আমির মাওলানা জিয়াউল হুসেইন জিয়া, চট্টগ্রাম দক্ষিণ জেলার খেলাফত মজলিসের আমির হাফেজ মাহবুবুর রহমান হানিফ, বাংলাদেশ লেবার পার্টির চট্টগ্রাম দক্ষিন জেলার সভাপতি জুনু মিয়া, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মুহাম্মদ ইব্রাহিম, চট্টগ্রাম পশ্চিম জেলা ছাত্র শিবিরের সভাপতি আব্দুর রহিম, খেলাফতে মজলিস আনোয়ারা উপজেলার সভাপতি মাওলানা মুফতি ইমরান ইসলামাবাদী প্রমুখ।